প্রবেশগম্যতাকে অর্থনৈতিক বিনিয়োগের বিষয় হিসেবে উল্লেখ করে অধিকারকর্মীরা জাতীয় অর্থনীতির স্বার্থে প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, ডিজিটাল প্রবেশগম্যতা শুধু সামাজিক ন্যায়বিচার বা মানবাধিকারের বিষয় নয়; এটি একটি অর্থনৈতিক বিনিয়োগও। ডিজিটাল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে বাংলাদেশ আরও বেশি মানুষকে শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা কার্যক্রম এবং বৃহত্তর ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘ডিজিটাল অধিকার, গণতন্ত্র, এবং ই-গভর্নেন্স-প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি’ শীর্ষক একটি নীতি সংলাপে বক্তব্য দেওয়ার সময় তারা এসব কথা বলেন। ডিডিআই সাউথ এশিয়া-এর সহায়তায় সংযোগ ফাউন্ডেশন সম্প্রতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ জাভেদ জামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া এটুআই-এর ন্যাশনাল কনসালট্যান্ট-অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক শহীদুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য দেন।
Source: ভোরের কাগজ — ১ সেপ্টেম্বর ২০২৬
