প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকারের দাবি

September 1, 2026
Dignitaries and participants seated at the conference table during the Policy Brief Dialogue on Digital Rights, Democracy, and E-Governance: Inclusion of Persons with Disabilities at The Daily Star Centre.

ডিজিটাল প্রবেশগম্যতাকে মানবাধিকার ও অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করে প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

রাজধানীর ডেইলি স্টার সেন্টারে সংযোগ ফাউন্ডেশন ও ডিডিআই সাউথ এশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল অধিকার, গণতন্ত্র, এবং ই-গভর্নেন্স-প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি’ শীর্ষক নীতি সংলাপে বক্তারা এ দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ প্রতিবন্ধী। তাদের উপযুক্ত ডিজিটাল সেবা ও আধুনিক ডিভাইসের সুযোগ প্রদান করা গেলে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

সংলাপে জানানো হয়, জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ ১০০তম অবস্থানে থাকলেও ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিতে ১৩৭টি দেশের মধ্যে অবস্থান ১০৮তম। জরিপে দেখা গেছে, ৯৬ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করলেও ৬১ শতাংশ নাগরিক সরকারি ওয়েবসাইট ব্যবহারে প্রতিবন্ধকতার সম্মুখীন হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন সংযোগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ জাভেদ জামাল। এছাড়া এটুআই-এর ন্যাশনাল কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক শহীদুল ইসলাম বক্তব্য দেন।

Source: দৈনিক ইনকিলাব — ১ সেপ্টেম্বর ২০২৬